৫ লক্ষ অতিথি, ১৫০ পদে ভোজ! বাহুবলী বিধায়কের মেয়ের বিয়েতে শেষমেশ থালা ছোড়াছুড়ি, কেন এমন কাণ্ড?
মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন করেছিলেন বিহারের বাহুবলী বিধায়ক অনন্ত সিং। অতিথিদের জন্য ছিল প্রায় ১৫০ রকমের খাবার, ১০ একর জমি জুড়ে তৈরি হয়েছিল বিশাল মণ্ডপ। আমন্ত্রিতের সংখ্যা প্রায় ৫ লক্ষ। কিন্তু এত বড় আয়োজনের মধ্যেই ঘটে গেল বিপত্তি। বিয়ের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, খাবার নিয়ে কাড়াকাড়ি, এমনকি থালা ছোড়াছুড়ির অভিযোগও উঠেছে। অন্য দিকে, অনুষ্ঠানে যাওয়ার রাস্তায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বাতিল করতে হয় ঘোড়দৌড় প্রতিযোগিতাও। সব মিলিয়ে অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে ঘিরে এখন জোর চর্চা।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বিকেলে নাদওয়ানগামী রাস্তায় যানজট ভয়াবহ আকার নেয়। প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে আটকে পড়ে গাড়ি। বিয়েতে যোগ দিতে বহু মানুষ আসছিলেন। আবার অনুষ্ঠান থেকে ফিরছিলেন অনেকে। ফলে রাস্তায় গাড়ির চাপ ক্রমশ বাড়তে থাকে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের।এক সাংবাদিক অনিকেত কুমারের দাবি, অনন্ত সিংয়ের বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পদপিষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। ভিড়ের চাপে কার্যত থমকে যায় যান চলাচল। বহু অতিথিকে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকতে হয়।শুধু রাস্তার বাইরেই নয়, বিয়ের অনুষ্ঠানেও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিয়ো। যদিও সেগুলির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি। ওই ভিডিয়োগুলিতে খাবার পরিবেশন নিয়ে হুড়োহুড়ি করতে দেখা গিয়েছে কয়েক জনকে। অভিযোগ, খাবার নিতে গিয়ে অতিথিদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। অনেকে খাবার পাননি বলেও দাবি করা হয়েছে।পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কয়েক জন অতিথি থালা ছুড়ে ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ। হট্টগোলের মধ্যে খাবার মাটিতে পড়ে নষ্টও হয়েছে। খাবার পরিবেশনকারীদেরও পরিস্থিতি সামলাতে সমস্যায় পড়তে হয়।এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীকে একটি মহিন্দ্রা থর গাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আয়োজকেরা। কিন্তু বৃষ্টির কারণে মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায়। তার উপর ছিল বিপুল ভিড়। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা বাতিল করা হয়।অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের আয়োজন নিয়ে বেশ কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। প্রায় ১০ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছিল বিশাল প্যান্ডেল। আয়োজকদের দাবি অনুযায়ী, প্রায় ৫ লক্ষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের জন্য রাখা হয়েছিল ১৫০ রকমের খাবারের ব্যবস্থা।আমন্ত্রিতদের তালিকাতেও ছিল চমক। রাজনৈতিক নেতা থেকে শুরু করে গায়ক ও অভিনেতা, অনেক পরিচিত মুখকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি পাকিস্তানের কয়েক জন পরিচিত ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল বলে খবর।কিন্তু এত বড় আয়োজনের মধ্যেও শেষ পর্যন্ত বিশৃঙ্খলার অভিযোগই বেশি করে সামনে এসেছে। রাজকীয় বিয়ের জাঁকজমক ছাপিয়ে এখন আলোচনায় যানজট, খাবার নিয়ে হট্টগোল এবং বাতিল হয়ে যাওয়া ঘোড়দৌড় প্রতিযোগিতা।

